Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত’—বিএনপি নেতার বক্তব্যে বিতর্কের ঝড়

কুমিল্লা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। বুধবার চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


কামরুল হুদার এ বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং তা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

ভাইরাল ভিডিওতে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলেই প্রতিদিন বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেন নাই।’

বক্তৃতায় আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে কামরুল হুদা বলেন, ‘শেখ সেলিম, শেখ হেলালসহ এই শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে। শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নাই। যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কী করে?’

এ ছাড়া, স্থানীয় জামায়াতের বিষয়ে তিনি বলেন, ‘একটা দল (জামায়াত) আমাদের ওপর ভর করে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রের জন্য ২শ করে ছোট লাঠি প্রস্তুত রাখার নির্দেশ দিচ্ছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত বিএনপির একাধিক নেতা বলেন, ‘কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে? এটি দলের প্রতি অতি আবেগের ফল।’

এ বিষয়ে রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘আমি ভাইরাল বক্তব্যটি এখনো শুনিনি। তবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন কথাবার্তা থেকে বিরত থাকা উচিত।’

নিজের মন্তব্যের সপক্ষে কামরুল হুদা বলেন, ‘জিয়াউর রহমান মক্কা শরিফে হাজিদের জন্য নিমগাছ লাগিয়েছিলেন। এ কারণেই তার নাম নিলে বেহেশতে যাওয়া সম্ভব, এটা কি ভুল বলেছি?’

এই বক্তব্য ঘিরে কুমিল্লা ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ